
বাসাইলসংবাদ: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে মানবপাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তারা হলো- সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০), পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলতাব হোসেন ওরফে আব্বাসীর ছেলে নাসির আব্বাসী (২৪) ও ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার মৃত সাগর আলীর ছেলে শাহজাহান আলী (৩৫)।
ওসি (তদন্ত) লুৎফুল কবীর বলেন, প্রায় ৬ মাস আগে অভিযুক্তরা গাজীপুর পৌর এলাকার আনিসুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৩০)কে ১২ লাখ টাকার বিনিময়ে অষ্ট্রেলিয়া পাঠায়। সেখানে নেয়ার পর তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে আরও ৪লাখ টাকা দাবি করছে একটি চক্র। গত একমাস ধরে হারুনুর রশিদকে তার পরিবারের কারও সাথেই ফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে। এঘটনায় হারুনুর রশিদের বাবা বাদি হয়ে সখীপুর থানায় শুক্রবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ১৩জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের শনিবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ/একে




