
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার কালিয়া ইউনিয়নের বেলতলী গ্রামে এঘটনা ঘটে। কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়রারম্যান এসএম কামরুল হাসান এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুবায়ের (৮) ও জসিম উদ্দিনের ছেলে নূর নবী (৭)। সম্পর্কে শিশুরা চাচাত ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানানা, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এসময় ঝোপ-ঝাড়ের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে কামড় দেয়। পরে পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শুক্রবার ভোর রাতে জুবায়েরের মৃত্যু হয়। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নূর নবীর মৃত্যু হয়।
এদিকে একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবাসহ পরিবারের লোকজন তাদের আদরের দুই সন্তানকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারা।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়রারম্যান এসএম কামরুল হাসান বলেন, ‘জুমার নামাজের পর আমি একজনের জানাযায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।’
বাসাইলসংবাদ/ ০৩ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




