
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস সন্দেহে নমুনা দেওয়ার দুইদিন পর মাজম আলী (৩০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুরে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তিনি মারা যান।

মাজম আলী বেতনভাতা তুলতে গত আটদিন আগে সিলেট যান। সিলেট থেকে বাড়ি ফেরার কারণে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ফকির জানান, ‘সিলেটে এমপিওভূক্ত একটি উচ্চ বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ওই শিক্ষক দীর্ঘদিন ধরে হার্ডে সমস্যায় ভুগছিলেন। গত আটদিন আগে তার কর্মস্থল সিলেট থেকে ফেরার কারণে স্থানীয়রা তাকে বাড়িতেই কোয়ারেন্টিনে রাখেন। ওই শিক্ষক নিজে থেকেই গত শনিবার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা সন্দেহে নমুনা দিয়ে আসেন। পরে সোমবার বাড়িতেই তার মৃত্যু হয়। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে স্বল্প পরিসরে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘ওই ব্যক্তি নিজের ইচ্ছাতেই করোনা সন্দেহে গত শনিবার হাসপাতালে নমুনা দিয়ে যান। পরে রবিবার তার নমুনাসহ ১৮জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট আাসেনি।’
প্রসঙ্গত, এ উপজেলায় একই পরিবারের পাঁচজনসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১২ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




