
নিজস্ব প্রতিবেদক : এক পোশাকশ্রমিক নিজের করোনা আক্রান্তের তথ্য জেনেই গাজীপুর থেকে পালিয়ে টাঙ্গাইলের নাগরপুরে তার গ্রামের বাড়িতে চলে এসেছে। এ ঘটনায় সোমবার (১১ মে) আক্রান্ত ওই পোশাকশ্রমিকের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আক্রান্ত ব্যক্তির নাম সুজন (২১)। তিনি উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলী গ্রামের মালেক মিয়ার ছেলে। সুজন গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকুরী করে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, ‘পোশাক কারখানায় কর্মরত অবস্থায় সুজনের জ্বর সর্দির দেখা দিলে সে গত ৬মে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নমুনা দেয়। পরেরদিন তাকে ওই হাসপাতাল থেকে করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। পরে সুজন নিজের করোনা পজিটিভের কথা জেনে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে সোমবার বিকেলে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। তার কোন উপসর্গ না থাকায় বাড়িতে রাখা হয়েছে। নিয়মিত তার খোঁজ খবর রাখা হচ্ছে।’
…বাসাইলসংবাদ/ ১২ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




