
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন দেশ ফেরত ৬৪জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই পুরুষ। বুধবার (১৮ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাকছুদা খানম। কোয়ারেন্টোইনে থাকা এই সংখ্যাটি টাঙ্গাইল জেলার অন্যান্য উপজেলার তুলনায় সর্বোচ্চ সংখ্যক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মৃদুল বলেন, ‘মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১৯ তারিখে অধিকাংশের ১৪দিন পূর্ণ হবে। তবে স্বস্তির বিষয় হোম কোয়ারেন্টাইনে থাকা কেউই করোনায় আক্রান্ত হয়নি। শুধু নিরাপত্তা বিবেচনায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’
বিদেশ ফেরতদের কোন তালিকা তাদের কাছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি, প্রাতিষ্ঠানিকভাবে কোন তালিকা তারা সরকার থেকে না পেলেও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত সবাই বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে বিদেশ ফেরতদের বাড়িতে মেডিক্যাল টিম পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘করোনার বিষয়ে বৃহস্পতিবার মিটিং ডাকা হয়েছে। সেখান থেকে আলোচনার ভিত্তিতে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নির্ধারণ করা হবে।’
…বাসাইলসংবাদ/ ১৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




