
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকার একটি নির্মাণাধীন বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হল- উপজেলার গোড়াই সোহাগপুর এলাকার লাল চাঁদের ছেলে আব্দুল্লাহ (৩) ও পাশের বাড়ির ফজলুল করিমের মেয়ে খাদিজা (৩)। পুলিশ ও স্থানীয়দের ধারণাÑ ওই দুই শিশু খেলা করার সময় গর্তের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, ওই দুই শিশু একত্রিত হয়ে দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সন্ধ্যার দিকে একই এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মুসা, মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘নির্মাণাধীন ভবনে লিফটের জন্য খুঁড়া গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
বাসাইলসংবাদ, ০৫ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




