
নিজস্ব প্রতিবেদক : কৃষকশ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘খালেদা জিয়াকে আবারো জেলে পাঠানোর কথা বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক হয়নি। কারণ কারও উপকার করে তা বলতে হয় না। আপনার বাবা শুনলে (বঙ্গবন্ধু) রাগ করতেন, কষ্ট পেতেন। শনিবার (৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে কৃষকশ্রমিক জনতা লীগের গত জাতীয় সংসদ নিবার্চনে পুলিশের গায়েবি মামলায় কারাবরণ করা ৬২জন নেতা-কর্মীকে দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, ‘দেশের বিভিন স্থানে বিএনপির সমাবেশে বাধা দেওয়া ও গাড়ি বন্ধ করা ঠিক হয়নি। গাড়ি চালু থাকলে যে লোক হতো, গাড়ি বন্ধ করায় পায়ে হেঁটে সমাবেশে তার চেয়ে বেশি মানুষ হয়েছে। তাই এসব করে পার পাওয়া যায় না। আপনি (প্রধানমন্ত্রী) দেশের মালিক নন সেবক।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচন কোনও নির্বাচনই হয়নি। সবাই বলে সেটা ছিল ভোট চুরির নির্বাচন। আমার মেয়ে যদি নির্বাচিত হত তাহলে আমরাও হতাম ভোট চোরের দল। ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারাও চুরির ভোটে নির্বাচিত। আমরা ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামালকে ভাল নেতা মনে করে। কিন্তু তিনি ভাল নেতা নন, ভাল মানুষ।’
কৃষকশ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল সবুর খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ কৃষকশ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলো, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল প্রমুখ।
বাসাইলসংবাদ, ০৫ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




