
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা ও গোড়াইতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে। এতে সামিয়া (০৮), শাহীন আলম (২৮) , সুফিয়া বেগম (৫৫) ও নৌবাহিনীর কর্পোরাল নাজমুল হোসেন (২৭) নামের ৪ জনের মৃত্যু হয়।
পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, ঈদযাত্রা। শুক্রবার ( ৯ই আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার গোড়াইতে মোটরসাইকেলযোগে ঢাকা নৌ সদর দফতরে কর্মরত নাটোরের আটঘড়ি এলাকার বাসিন্দা নাজমুল হোসেন (২৭) নিয়ন্ত্রন হারালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে সকাল ৮.৩০টা উপজেলা গোড়াই এলাকায় মোটরসাইকেলযোগে কালিয়াকৈর থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় নিহত হন সুফিয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধা। সুফিয়া বেগম উপজেলারও ভাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর ছবুরের স্ত্রী বলে জানা গেছে। এছাড়া সকাল ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিম ধল্যা নামক স্থানে বাস চাপায় নিহত হন সামিয়া (০৮) নামের এক শিশু। আহত হন মোটরসাইকেল চালক শাহীন আলম (২৮)। পরে তাকে ঢাকায় নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহতের ঘটনায় ঘাতক দুটি বাস আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরসহ এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
বাসাইলসংবাদ/একেবি




