
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এক কসাইকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার (৪ জুন) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠালে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ওই কসাইয়ের নাম সাখাওয়াত হোসেন (৩৫)। তিনি জেলার বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।
মির্জাপুর থানার এসআই আবুল বাশার মোল্লা জানান, গত ৩১ মে রাতে মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামের জিন্নাহর বাসা থেকে একটি গাভী ও একটি বকনা বাছুর এবং সোহেলের বাসা থেকে একটি বকনা বাছুর চুরি হয়। পরে জিন্নাহ মিয়া বাদি হয়ে ৩ মে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। চোরাই মালামাল হেফজতে রাখার অপরাধে রবিবার ভোর রাতে করটিয়া থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়। অতিরিক্ত চীফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহমুদুল মহসিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাসাইলসংবাদ, ০৪ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




