
বাসাইলসংবাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি-২০১৯ গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে ২য় মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দি ডেইলী সান, দৈনিক আজকের দেশবাসী এবং টিনিউজবিডি-এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোঃ শাহরিয়ার রহমান সৈকত এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক, বাংলা ট্রিবিউন ও দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোঃ সাইফুল মজুমদার। শনিবার বিকাল ৫ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে দি ডেইলী অবজারভারের তনিমা ইসলাম ও কোষাধ্যক্ষ পদে দৈনিক মাতৃছায়ার মোঃ আসাদুল্লাহ জুনায়েদ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে মোঃ নুরন্নবী মন্ডল, ফারজানা মাসুম ও নুসরাত জাহান সুমাইয়াকে মনোনিত করা হয়।
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা হলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুল আলম এবং সাংবাদিক সমিতির সাবেক সাধারন সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার মাভাবিপ্রবি প্রতিনিধি মোহাইমিনুল কাইয়্যূম।
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক সাইফুল মজুমদার বলেন, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে বিশ্ববিদ্যালয় প্রসাশন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সর্বাত্মক সহযোগিতা করছে, এজন্য আমরা বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সিনিয়র সাংবাদিক শাহরিয়ার রহমান সৈকত ভাইকে অনুরোধ করেছি ২য় মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য। কারন, তিনি অনেক ধৈর্য্য ও উদ্যম নিয়ে সাংবাদিক সমিতির জন্য কাজ করে যাচ্ছেন। সর্বোপরি সকলের সহযোগিতা নিয়ে আমরা সাংবাদিক সমিতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বাসাইলসংবাদ/একেবি




