
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরও ৭-৮জন পালিয়ে যায়। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। এরআগে সোমবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিপাড়া গ্রামের কায়সার মিয়া (২২), ভূঞাপুর পৌরসভার ছাব্বিশা এলাকার নুরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫), ফসলান্দি এলাকার সিফাত মিয়া (১৯)। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন উপজেলার পুংলিপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ১০-১২জন যুবক পুলিশ পরিচয় দিয়ে একজন কাপড় ব্যবসায়ীকে পথরোধ করে। পরে তারা ওই ব্যবসায়ীকে মারধর করার পর মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করে। এসময় নগদ টাকা ও বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা লেনদেন হওয়ার পর ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে নৌকাযোগে গোবিন্দাসী ঘাটে আসে ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের ধরতে ধাওয়া করলে ৭-৮জন পালিয়ে গেলেও ঘটনার মূলহোতাসহ ৩জনকে আটক করে স্থানীয়রা। পরে থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।
ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, চট্টগ্রামে কাপড় ব্যবসা ভাল না হওয়ায় বাড়িতে চলে আসি। পুংলিপাড়া ঘাট থেকে বাড়ির দিকে যাওয়ার সময় তারা আমাকে ধরে ফেলে এবং পুলিশ পরিচয় দেয়। এসময় আমাকে তারা এলোপাথারিভাবে মারধর করতে থাকে। পরে মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে। পরে নগদ ও বিকাশের মাধ্যমে ৩লাখ টাকা দেয়ার পর তারা একটি পাট খেতে আমাকে ফেলে রেখে যায়। পরে বিষয়টি পরিবারকে জানালে তারা গোবিন্দাসী ঘাট এলাকার লোকজনকে জানায়।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) জুম্মন খান জানান, খবর পেয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশ পরিচয়ে তারা ওই ব্যবসায়ীকে মারধর করার পর মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। এই ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাসাইলসংবাদ, ০১ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




