
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের শ্রমিক নেতা নাছির মিয়া হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় নিহত নাছিরে স্ত্রী, তিন মাসের পুত্র সন্তান ও দুই মেয়েসহ অসংখ্য জনতা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত নাছির মিয়ার স্ত্রী রানী বেগম, করাতিপাড়া গ্রামের নিজামুল ইসলাম রোপন, হাবলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. দুলাল হোসেন, সাবেক ইউপি সদস্য মো. রুবেল মিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, শাহীন মিয়া প্রমুখ। এ সময় বক্তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধরক পিটুনির শিকার নাছির মিয়া (৩৫) গত সোমবার (১৪ মার্চ) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নাছির ওই গ্রামের নওজেশ আলীর ছেলে। এরআগে গত বুধবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার করাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনার কারণে তার ওপর হামলা চালানো হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে করটিয়াস্থ আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুকুর পাড়ে নাছির কাস্তে দিয়ে কাঁঠাল গাছের পাতা কাটছিলেন। এসময় গাছের ওপর দিয়ে পুকুরে নেওয়া বিদ্যুত সংযোগের তার হঠাৎ কাস্তের আঁচড়ে কেটে যায়। ওই ঘটনার জের ধরে করটিয়া পূর্বপাড়ার বাদল নামে এক ব্যক্তির নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এরপর রোববার (১৩ মার্চ) রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাসাইলসংবাদ/ ১৬ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




