
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মনিরুজ্জামান নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে তার ভায়রাকে আমৃত্যু ও শ্যালিকাসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এই রায় দেন।

আমৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রেজাউল ইসলাম ওরফে রেজা। তিনি জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের শামছু মিয়ার ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আমৃত্যু দণ্ডপ্রাপ্ত রেজাউলের স্ত্রী আলো বেগম, বাসাইল উপজেলার খাটোরা গ্রামের মৃত নাসিম উদ্দিনের ছেলে লাল মিয়া, যশিহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে রেজভী ও দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের ফজল মিয়ার ছেলে আলমগীর হোসেন।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশুলী (পিপি) মনিরুল ইসলাম খান জানান, বাসাইল উপজেলার কাউলজানী গ্রামের আবু বক্কর ভূইয়ার ছেলে মনিরুজ্জামান ভূইয়া ২০১০ সালের ১২ সেপ্টেম্বর নিখোঁজ হন। তিনদিন পর পাশ্ববর্তী মহেশখালী গ্রামের জমির আইল থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ ছিল। ওই বছর ১৫ সেপ্টেম্বর নিহতের বাবা আবু বক্কর ভূইয়া বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে বাসাইল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে এই হত্যার সাথে মনিরুজ্জামানের ভায়রা রেজাউল ইসলাম রেজা, শ্যালীকা আলো বেগমসহ দণ্ডিতদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।
তিনি আরও জানান, এ মামলার তদন্তকারি কর্মকর্তা বাসাইল থানার তৎকালিন উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত ২০১১ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। দণ্ডিত আসামীদের মধ্যে আলমগীর, আলো বেগম ও লাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষনার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডিত রেজাউল ও রেজভী জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
বাসাইলসংবাদ/ ০৮ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




