
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রমের সাথে জড়িতদের তদন্তপূর্বক অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বাসাইল উপজেলার শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে বাসাইল বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ জামিল খান, সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক মুনাওয়ার হোসাইন খান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। এছাড়াও ৬ষ্ঠ এবং সপ্তম শ্রেণির বইয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার করে যে বই ছাপা হয়েছে তা কোনো মুসলমানের সন্তান পড়তে পারেনা। পাঠ্য পুস্তকে দাঁড়ি ও পর্দা নিয়ে নানা রকমের গল্প সাজিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে মিথ্যা ইতিহাস তুলে ধরা হচ্ছে। তাই বিতর্কিত এই পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জরিতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষার্থীদের পাঠদান উপযোগী পাঠ্যক্রম তৈরি করতে হবে। এছাড়াও ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষা বাধতামূলক করতে হবে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা না হলে ছাত্রজনতা নিয়ে কঠিন আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
বাসাইলসংবাদ, ২৬ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




