
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ (অনুর্ধ্ব ১৭) বালক ও বালিকা দলের খেলোয়ারদের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) বিকেলে উপজেলা সদরে বাসাইল ডিগ্রী কলেজ মাঠে বালিকাদের বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার কাউলজানী লুৎফা-শান্তা বালিকা উচ্চ বিদ্যালয় ও দাপনাজোর মার্থালিন্ডস্ট্রম নুরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকাদের নিয়ে একটি যৌথ টিম গঠন করে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় টিমের সাথে খেলা অনুষ্ঠিত হয়। এরআগে কাশিল ইউনিয়নের বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের বালকদের সমন্বয়ে দুইটি টিম গঠন করে বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলোয়ারদের মধ্যে থেকে বালক ও বালিকাদের দুইটি টিম গঠন করা হয়েছে। তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বাসাইল ডিগ্রী কলেজ মাঠ
বালিকাদের বাছাইপর্বের খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল প্রমুখ।

বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠ
অপরদিকে বালকদের খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এসময় কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৯ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




