
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৮ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। নাশকতার মামলায় বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরজু খান উজিল, কাশিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও বিএনপি নেতা আয়নাল হক।
বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দর হোসেন বলেন, ‘গত ১৩ অক্টোবর বাসাইল থানায় অজ্ঞাতনামা ৭০-৭৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা হয়। ওই মামলায় বৃহস্পতিবার ভোরে এদের তিনজনকে আটক করা হয়েছে। পরে দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর একই মামলায় উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেনসহ বিএনপি জামায়াতের ৭নেতাকর্মীকে আটক করে পুলিশ। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে।
বাসাইলসংবাদ/একে




