
বাসাইলসংবাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিশাল ভোটের ব্যবধানে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের কাছে হেরে গেছেন। জোয়াহেরুল ইসলাম (নৌকা) প্রতীকে ২ লাখ ৭হাজার ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ১৪৪ ভোট।
কুঁড়ি সিদ্দিকী এই আসনে নতুন মুখ। তিনি পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হেরেই গেলেন ভোটের লড়াইয়ে।
জোয়াহেরুল ইসলাম এমপি পদে নতুন মুখ হলেও ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত । বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। সারা টাঙ্গাইলে রয়েছে তার ব্যাপক পরিচিতি। আওয়ামী লীগ জোয়াহেরুল ইসলামকে জয়ী করতে মাঠে একাট্টা ছিল। শেষ পর্যন্ত বিজয়ের মালা তিনিই পড়লেন।

এ আসনে অন্যান্যরা পেয়েছেন- জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী (লাঙ্গল) প্রতীকে ১৩০৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আব্দুল লতিফ মিয়া (হাত পাখা) প্রতীকে ১২৬০ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফি সরকার (আম) প্রতীকে ২৭৭ ভোট।
এ দুইটি উপজেলায় ১২২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৬শ’ ৪৬জন।
বাসাইলসংবাদ/একে




