
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়িতে বেলাল হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে আটকের প্রতিবাদে টায়ার ও গাছের গুড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার সাত্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

আটককৃত বেলাল হোসেন উপজেলার বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক। এদিন বিকেলে আওয়ামী লীগ সমর্থক আনোয়ারকে মারধরের অভিযোগে বেলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
জানা যায়, উপজেলার বানিয়াজান ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থক আনোয়ারকে সস্প্রতি মারধর করে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন। পরে মারধরের অভিযোগে বেলালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আনোয়ার। পরে পুলিশ বেলালকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তার সমর্থকরা থানায় গিয়ে জড়ো হয়। পরে তারা থানার বাইরে গিয়ে তার মুক্তির দাবিতে টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, আনোয়ার নামের আওয়ামী লীগের এক সমর্থককে মারধরের ঘটনায় বেলালের বিরুদ্ধে অভিযোগের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বাসাইলসংবাদ, ২৪ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




