
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও তিন জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

শুক্রবার (২০ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে নতুন করে তিন জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত মোট ২০ জন আক্রান্ত হয়েছেন। এক জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও তিন জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মহিলা (৩০), পুরুষ (৩০) ও বয়স্ক পুরুষ (৭০)। বয়স্ক ব্যক্তির অবস্থা ক্রিটিক্যাল। তিনি আইসিইউতে আছেন। বাকি একজন পুরুষ ইউরোপ রোম ও ইতালি ভ্রমণ করে ফিরেছেন। আক্রান্ত বয়স্ক ব্যক্তি ও নারী বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শে ছিলেন।
তিনি বলেন, যারা বিদেশ থেকে আসছেন অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ঘরে অবস্থান করবেন। পরিবারের লোকজনের সঙ্গে কন্টাক্ট করবেন না। খাবারটাও ঘরে বসে খেতে হবে। তাদের ব্যবহার করা জিনিস আলাদাভাবে পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে এসব জিনিস অন্য কেউ ব্যবহার করবেন না। এরপরেও এসব পরামর্শ না মানলে সরকার আরও কঠোর হবে। ইতোমধ্যে জরিমানা করা হচ্ছে সারাদেশে।
নাসিমা সুলতানা বলেন, পোস্টার ও লিফলেট দিয়ে আমরা প্রচার করছি। তারপরও বলছি একটি টিস্যু পুনরায় ব্যবহার করা যাবে না। হাঁচি-কাশির পর সাবান পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধুয়ে ফেলতে হবে। সামন্য জ্বর বোধ করলেও ঘরে থাকবেন। জরুরি প্রয়োজন হলে মাস্ক পরবেন।
সূত্র- বাংলা ট্রিবিউন
…বাসাইলসংবাদ/ ২০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




