
নিউজ ডেস্ক : বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে লতিফ সিদ্দিকীর আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী, জেয়াদ আল মালুম ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
ছয় মাসের এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে দুদক আবেদন করবে বলে জানান খুরশীদ আলম খান।
আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগে আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামি হলেন– ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন–অর–রশিদের স্ত্রী জাহানারা রশিদ। গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।




