
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথকস্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকা ও জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর এলাকার থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ভূঞাপুর উপজেলায় উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেলেও সদর উপজেলায় উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি।

ভূঞাপুরে উদ্ধার হওয়া নিহত ব্যক্তির নাম সজিব (২৩)। তিনি উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের শামছুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভূঞাপুর উপজেলার রাজাপুরে কৃষকরা ক্ষেতের শস্য কাটতে গিয়ে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। এসময় তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব বলেন, ‘উদ্ধার হওয়া লাশটি পঁচনের ফলে পোকা ধরেছে। সম্ভবত তিন চারদিন যাবৎ লাশটি ওইখানে পড়েছিল। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। লাশটি পঁচে পোকা ধরে গেছে। ধারণা করা হচ্ছে ৫-৬ দিন আগে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




