
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক নারীকে (৫০) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এসময় ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্নস্থানে কামড়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শনিবার (১২ জুন) রাত পৌনে ১১টার দিকে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূইয়া এতথ্যটি নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাজাইল বড়চালা এলাকার বাসিন্দা দিনু চন্দ্র, মন্টু কুমার ও সবদুল নামের তিন ব্যক্তি এবং ওই নারী মিলে মদ্যপান করছিল। এসময় দিনু চন্দ্র ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই নারীর মুখসহ শরীরের বিভিন্নস্থানে কামড়িয়ে জখম করে দিনু চন্দ্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি একে সাইদুল হক ভূইয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মদ্যপানের সময় এ ঘটনা ঘটেছে। ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে। তারা রবিবার (১৩ জুন) মামলা করতে থানায় আসবেন। পরে ব্যবস্থা নেওয়া হবে।’
বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




