
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের সামনে থেকে ওষুধগুলো উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী।

জানা গেছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার ওষুধগুলো সরবরাহ না করে বাইরে বিক্রির উদ্দেশ্যে স্টোরে জমা করতে থাকেন। একপর্যায়ে ওধুষগুলোর মেয়াদ চলে যায়। কোনও দিশকুল না পেয়ে জাহিদুল ইসলাম ওষুধগুলো ফেলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এসময় বিষয়টি টের পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ওষুধগুলো উদ্ধার করেন। মুহূর্তের মধ্যে বিষয়টি হাসপাতাল চত্বরে আলোচনার সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক ওষুধগুলো উদ্ধার করা হয়েছে। এই ওষুধগুলোর মেয়াদ চলে গেছে ২০২০ সালের জুন মাসে। আমি এই হাসপাতালে যোগদানের আগের ওষুধ এগুলো।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিরাজ আহমেদকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদারের কোনও গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
বাসাইলসংবাদ/ ১২ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




