
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীর এলেংজানী নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বলাই চন্দ্র মালো, আব্দুল কাদের, মহর আলী, মোকাদ্দেছ আলী, মাসুদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার আনালিয়াবাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফির নেতৃত্বে ৫-৬ জন এলেংজানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় এতিমখানা, মহা-শ্মশানঘাটসহ মানুষের ভিটা-বাড়ি। প্রতিবাদ করলে মারপিট করাসহ মিথ্যা মামলার হুমকি দেয় বালু ব্যবসায়ীরা। ভূক্তভোগীরা প্রশাসনের হস্তাক্ষেপ কামনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বলেন, ‘খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বাসাইলসংবাদ/ ১২ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




