
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধকেটে ঘরে প্রবেশ করে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার ছুনুটিয়া গ্রামে নিজ ঘর থেকে অটোরিকশা চালক আলম মিয়ার (২৭) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, অটোরিকশা চালক আলম বুধবার রাতে একাই ঘরে ঘুমিয়েছিলেন। রাতের কোনও এক সময় দূর্বৃত্তরা সিঁধকেটে ঘরে
প্রবেশ করে তাকে হত্যা করে। পরে সকালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, প্রতিবেশিরা আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আলমকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলম মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, রাতের কোন এক সময় চোরচক্র আলমের ঘরে সিঁধকেটে ভেতরে প্রবেশ করে। পরে চুরি করার সময় হয়তো চোরদের চিনে ফেলে আলম। চোরদের চিনে ফেলায় আলমকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সদস্য কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাসাইলসংবাদ, ১৩ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




