
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ পাঁচ জন। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী (৩০) ও একই গ্রামের সনজব আলীর দেড় বছর বয়সী শিশু মেয়ে জান্নাতি এবং অজ্ঞাত এক নারী (৩০)।
জানা যায়, একটি লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি উপজেলার ঢেপাকান্দি এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে পৌছালে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে আহত হন মোট ছয় জন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, বেলা ১১ টা ৫০ মিনিটে ২৫৪ ডাউন লোকাল জামালপুরগামী ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন থেকে রওনা হয়। দুপুর ১২ টার দিকে উপজেলার ঢেপাকান্দি নামকস্থানে অরক্ষিত রেলক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নবিন জানান, আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রত্যেকের মাথায় রক্তক্ষরণ হচ্ছিল। সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত পাঁচ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাসাইলসংবাদ, ১১ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




