
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান জননেতা হাসরত খান ভাসানী, মহাসচিব খালিদ শাহরিয়ারসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার সভাপতি হাসরত খান ভাসানী বলেন, স্বাধীনতা অর্জনের পর যে সরকারই ক্ষমতায় এসেছেন নিজেদের আখের গুছিয়েছেন। ঘুষ দুর্নীতিসহ বৈষম্য তৈরি করেছেন। তাই জাতিকে আজ ঐক্যবদ্ধভাবে মজলুম জননেতা মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত গণমানুষের দল ন্যাশনাল আওয়ামী পার্টির পতাকাতলে সমবেত হতে হবে। দেশের কৃষক শ্রমিক মেহনতি মজলুম মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ন্যাপ ভাসানী আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সফল হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ আর ধোকায় পড়তে চায় না, তারা মাওলানা ভাসানীর আদর্শের রাজনীতির চায়। আমরা জীবন দিয়ে হলেও সেই রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
বাসাইলসংবাদ, ৩০ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




