
নিজস্ব প্রতিবেদক : বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে তালবীজ বপন করা হয়েছে। ‘বেশি করে তালগাছ লাগাই বজ্রপাতে প্রাণহানি কমাই’-এ প্রতিপাদ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল রেল লাইনের দু’ধারে ৫ শতাধিক তালবীজ বপন কার্যক্রম শুরু হয়। টাঙ্গাইল স্টেশন থেকে শুরু করে ঢাকার দিকে এসব তালবীজ বপন করা হয়।

বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে “বাতিঘর আদর্শ পাঠাগার”। প্রতিষ্ঠার পর থেকেই আমরা পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কর্মসূচি।
তিনি আরও বলেন, তালগাছ বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক ভূমিকা পালন করে। তাই বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসবে আমরা তালবীজ বপন করছি।
এসময় বীজ বপন দলের সদস্য ও পাঠাগারের কোষাধ্যক্ষ মনসুর হেলাল ও শামীম আল মামুন বলেন, আমরা পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় সেলুন ও রেলস্টেশনে অনু পাঠাগার স্থাপন। কৃতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, বিশেষ দিবসগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।
লাইব্রেরিয়ান ও বীজ বপন দলের অপর সদস্য সাজ্জাদ হোসেন, সুমন মিয়া, রিপন মিয়াসহ অন্যরা বলেন, আমরা কিছুদিন আগে স্থানীয় ‘চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়’ ও ‘রাঘবকররা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর শিক্ষার্থীদের মাঝে তালবীজ বপনের কথা ঘোষণা করি। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের বাড়ি থেকে ফেলে দেয়া বীজগুলো এনে সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত পাঁচশতাধিক বীজ শুক্রবার থেকে রেললাইনের পাশে বপন কার্যক্রম শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাই, তোফাজ্জল হোসেন, দেলোয়ার মিয়া বলেন, নিঃসন্দেহে এ কাজটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বজ্রপাতে প্রাণহানি রোধ ও পরিবেশ রক্ষায় তালগাছের বিশেষ ভূমিকা রয়েছে। আমরা এই সমাজ সচেতন স্বেচ্ছাসবীদের জন্য মঙ্গল কামনা করি।
বাসাইলসংবাদ, ৩০ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




