
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় উপজেলা বিএনপির ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপিরর নেতাকর্মীরা টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সখীপুর) আমলী আদালতে ৬০জন নেতাকর্মী আত্মসমর্পণ করেন। এ সময় বিচারক ফারজানা হাছানাত ১৩ জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৪৭ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃতরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। এঘটনায় সখীপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৬ জনের নামে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ওই মামলায় ১২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা এ মামলাটি দায়ের করা হয়। পরে নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করলে ৪৯ জনকে কারাগারে পাঠানো হয়।
তানভীর আহমেদ বলেন, ‘বিএনপির ৬০ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের বিচারক ১৩জন অসুস্থতার কারনে জামিন দেন। আর ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাসাইলসংবাদ/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




