
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের এলেংজানী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১১ জনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় র্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মাটি কাটার মুল হোতা, উত্তর তাড়টিয়া এলাকার মো. উজ্জ্বল মিয়াকে ৩ মাস, রায়হানকে ৭ দিন ও বাকী ৯ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে আসামিরা অবৈধভাবে মাটি কেটে আসছিল। এই মাটি কাটার ফলে নদীর উপর ব্রিজ এবং নদীর উভয় কূলের বাড়ি- ঘর ও বিস্তীর্ণ এলাকা, নদী ভাঙ্গনের হুমকিতে ছিল। অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারায় আসামীদের ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২৮ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




