
নিউজ ডেস্ক : মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আজ সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযাদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব -২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটোকল অফিসার-২ এসএম খুরশীদ-উল-আলম এবং সহকারি প্রেস সচিব এবিএম সরওয়ার-ই আলম সরকার এই উপহার সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোভিড-১৯ মহামারি থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে উত্তরণের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন প্রধানমন্ত্রীর কর্মকর্তারা।
প্রতিটি জাতীয় দিবস বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবগুলোতে তাদেরকে স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ। সেইসঙ্গে তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সূত্র : বাসস
…বাসাইলসংবাদ/ ২৫ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




