
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আবারো পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৯জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরে আক্রমণের এই ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আক্রান্তদের স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকালে কুকুরের কামড়ে আহত হয়ে একজন চিকিৎসা নিতে আসে। বেলা বাড়ার সাথে সাথে এই রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিকেল সারে চারটা নাগাদ বাসাইল পৌর এলাকার উত্তরপাড়া, পূর্বপাড়া, সাহাপাড়া এবং বাসাইল বাজার এলাকার ৮জন শিশু, ৩ নারী এবং ৪ পুরুষ কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে যায়। সর্বশেষে রাত পৌনে ৯টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় ধান কাটার এক শ্রমিক চিকিৎসা নেয়। এছাড়াও আরও তিনজনকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আক্রান্তদের স্বজনরা বলেন, গলার কাছে লাল-সাদা গোলাকার দাগের কালো রঙের একটি পাগলা কুকুর আমাদের স্বজনদের কামড়ে দিয়েছে। বেলা বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশি চাপ থাকায় আমরা তিনজন রোগী নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চলে যাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শশাংক চন্দ্র পন্ডিত বলেন, ‘রোগীদের ভাষ্যমতে কালো রঙ এবং গলায় লাল-সাদা দাগ রয়েছে এমন একটি কুকুর সবাইকে আক্রমণ করেছে। সে কারনে এটাকে পাগলা কুকুর বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। চিকিৎসা নিতে আসা ১৬ জনের কারো কারো ক্ষত অনেক বেশি। তবে সবাইকে ইনজেকশন দেয়া হয়েছে।’
বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ বলেন, ‘কুকুর নিধনের সরকারী কোন নির্দেশনা আপাদত আমাদের কাছে নেই। তবে আহত ব্যক্তি পৌরসভার সাহায্য চাইলে টাঙ্গাইল সদর হাসপাতালের মাধ্যমে আমরা তাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারি।
প্রসঙ্গত, এবছর ২৪ এপ্রিল বাসাইল পৌর এলাকায় কুকুরের কামড়ে ৭জন আহত হয়।
…বাসাইলসংবাদ/ ২৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




