
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। শনিবার দিনব্যাপি রোজা রেখে উপজেলার পাথারপুর গ্রামের দরিদ্র কৃষক আবদুস সবুর ও শামীম আল মামুনের ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী এ ধান কাটায় অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, গজারিয়া ইউপি চেয়াম্যান আবদুল মান্নান মিঞা, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ চান মাহমুদ, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল, ইউনিয়ন কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক ও অর্থ সংকটে উপজেলার পাথারপুর গ্রামের বর্গাচাষি আবদুস সবুর ও শামীম আল মামুনের পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোজা রেখে দিনভর ওই দুই ব্যক্তির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
কৃষক আবদুস সবুর ও শামীম আল মামুন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, ‘ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিতে পেরে কৃষকের মুখের হাসি দেখে নিজের কাছে তৃপ্তি পেয়েছি।’
…বাসাইলসংবাদ/ ০৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




