
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সকালে উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা গেছে।


এক ভোটার তার ভোট প্রয়োগ করছে
জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করে।
প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়াও কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকের দায়িত্ব পালন করে।

দায়িত্ব পালন করছে পোলিং অফিসার
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে সাতজন প্রার্থী এ নির্বাচনে বিজয়ী হয়। বিজয়ীরা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়ণসহ সাতটি দায়িত্ব পালন করবে বলে জানান কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদা আক্তার ।

মিরিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল বলেন, উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।’
…বাসাইলসংবাদ/২৩ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




