
বাসাইলসংবাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে অস্ত্রের মুখে জিম্মি ও ফাঁকা গুলি ছুড়ে ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকোর মির্জাপুর পরিবেশক অগ্রণী ট্রেড কর্পোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন সড়কের পৌর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
অগ্রণী ট্রেড কর্পোরেশনের সুপারভাইজার কাজী আসাদুল জানান, ‘মির্জাপুর অগ্রণী ব্যাংকে সিগারেট বিক্রির ২৬ লক্ষ ৪০ হাজার টাকা জমা রাখার জন্য তিনিসহ আরেক সুপারভাইজার মোহন সাহা ও একাউনট্যান্ট আবদুল মতিন দুটি মোটরসাইকেলযোগে বের হন। বাইমহাটিস্থ অফিস থেকে বের হয়ে ওই এলাকায় পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা চারটি মোটরসাইকেলে নিয়ে ৮-১০ জন হেলমেট পরিহিত ব্যক্তি আমাদের গতিরোধ করে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো এবং একজন ফাঁকা গুলি ছুড়ে। এসময় আমাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।’
এদিকে ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা চালালেও এখনও ছিনতাইকৃত টাকা উদ্ধার বা কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।
ওসি সায়েদুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। এখনও কাউকে চিহ্নিত করা যায়নি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/একেবি




