
বাসাইলসংবাদ: রবিবার, ০৪ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কের উপজেলার কদিম দেওহাটার কচুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের পাখি সিকদারের ছেলে জাহাঙ্গীর (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৮), পৌর সদরের বাইমহাটি আদালতপাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে শরিফুল (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মির্জাপুর সদর থেকে দেওহাটাগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তাসলিমা বেগম নিহত হয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় এক শিশুসহ তিনজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রাত্রী জানান, আহত দুইজনের মাথায় প্রচন্ড আঘাত ছিল। ভর্তির ১০ মিনিট পর শরিফুল ও ২০ মিনিট পর জাহাঙ্গীর মারা যায়। শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে বলেও তিনি জানান।
ওসি সায়েদুর রহমান বলেন, ‘এঘটনায় বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/একেবি




