
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ॥ পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে, ছেলে ধরা এবং তিনদিন বিদ্যুৎ বন্ধ থাকবে এমন গুজব রটনার বিরুদ্ধে মাঠে নেমেছে ঘাটাইল থানা পুলিশ। গুজব রোধে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতা মূলক সভা ও প্রচার অভিযান চালাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুল আলম। তিনি উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- যারা মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা সমাজ ও দেশ ও জাতির শত্রু। তাই তিনি উপস্থিত শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে শ্রেণী কক্ষে মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন- গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




