
বাসাইলসংবাদ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিভিন্ন বিলে চলছে রেণু পোনা ও মা-মাছ নিধনের মহোৎসব। ফলে প্রতিদিন দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। বাসাইল উপজেলার বিস্তীর্ণ জলাভূমিতে দিনে ও রাতের আঁধারে কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহার করে রেণু পোনা ও মা মাছ ধরা হচ্ছে বলে জানা গেছে।
অবৈধভাবে মাছ শিকারি জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এ উপজেলার মৎস্য কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন নির্বিকার।
এদিকে মৎস্য অধিদফতরের আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত হলেও তেমন কোনো বিধিনিষেধ আরোপ ও সবাইকে সচেতনও করা হয়নি বলেও জানান একাধিক জেলে।
স্থানীয়রা জানান, টেংরা, পুঁটি, বোয়াল, কালবাউশ, পাব্দা, খলিসা ও বাটাসহ অসংখ্য ডিমসহ মা-মাছ জালে আটকা পড়ছে। মৎস্য বিভাগ অবৈধভাবে মাছ নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় অবিরামভাবে চলছে ডিমওয়ালা মা-মাছ শিকার। পরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সেগুলো বিক্রি করা হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গিয়াস উদ্দীন বলেন, জেলেরা যাতে মা-মাছ নিধন না করে সেজন্য তাদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে। উপজেলার বাসুলিয়া, রাশড়া ও মিরিকপুর বিলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের অভিযান নিয়মিত চলছে।
বাসাইলসংবাদ/একেবি




