
বাসাইলসংবাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে এক ভ্যান চালককে গণপিটুনি দিয়েছে জনতা। রবিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত ওই ভ্যান চালক জেলার ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী বন্যা কবলিত গ্রামের কুরবান আলীর ছেলে মিনু (৩২)।
কালিহাতী থানার এসআই এসএম ফারুকুল ইসলাম জানান, দুপুুরে উপজেলার সয়া বাজারে ছেলে ধরা সন্দেহে স্থানীয়রা ওই ভ্যান চালককে গণপিটুনি দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই ভ্যান চালক মিনুকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সংবাদ পেয়ে স্বজনরা হাসপাতালে এসে তার পরিচয় নিশ্চিত করে জানায় বন্যার পানিতে মাছ ধরার জন্য জাল কিনতে সে সয়া বাজারে এসেছিল।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কমার রায় বলেন, ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার ব্যক্তিরা আসলে কে বা তাদের উদ্দেশ্য কী সেটা তদন্ত করে বের করা হবে। জনগণকে আরও সতর্ক থাকতে হবে। কাউকে সন্দেহজনক মনে হলে আইন হাতে না নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়ার আহবান জানান তিনি।
এদিকে, একইদিন সকালে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের কান্দিলা বাজারে ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধর করে গুরুত্ব আহত করেছে জনতা। খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে।
বাসাইলসংবাদ/একেবি




