
বাসাইলসংবাদ: বুধবার, ১০জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে চাকরির প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রধান আসামী যুগবাণী সমাজকল্যান সংস্থা নামক এনজিও প্রতিষ্ঠানের শাখা ম্যানেজার তানজিরুল ইসলাম জীবন (৩২) অবশেষে ঘটনার দেড় মাসের মাথায় গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে র্যাবের হাতে তিনি গ্রেপ্তার হন বলে জানিয়েছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন। এর আগে ধর্ষণ চেষ্টায় সহায়তার অভিযোগে ওই প্রতিষ্ঠানে কর্মরত আফিয়া (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তানজিরুল ইসলাম জীবন বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।
প্রসঙ্গত, গত ২৬ মে উপজেলার পাকুল্লাতে অবস্থিত যুগবানী সমাজকল্যাণ সংস্থা নামক একটি এনজিও প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা বলে গ্রেপ্তারকৃত জীবন এক কলেজ ছাত্রীকে অফিসে ডেকে নেয়। পরে সেখানে একপর্যায়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে সম্ভ্রম বাঁচাতে এনজিও অফিসের দোতলা থেকে লাফিয়ে পড়ে মেয়েটি। এতে জীবনহানি না হলেও গুরুতর আহত হয় ওই কলেজ ছাত্রী। ঘটনার দুইদিন পর এঘটনায় থানায় একটি মামলা দায়ের করে মেয়েটির পরিবার।
বাসাইলসংবাদ/একেবি




