
বাসাইলসংবাদ: সোমবার, ২৯এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নববধূকে সিগারেটের আগুনে ছ্যাঁকা দেয়ার ঘটনায় মামলার প্রধান আসামী স্বামী সজিব মিয়াকে (২৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সজিব উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান গ্রামের আজিজুল ইসলামের ছেলে। ওই নববধূ টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের খুদ্দী জুগনী এলাকার আবুল হোসেনের মেয়ে খাদিজা আক্তার (১৮)।
মামলা ও নববধূর পারিবাবিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সজিবের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সজিব ও খাদিজার মধ্যে মনোমালিন্য চলছিল। বিভিন্ন সময় খাদিজার স্বামী যৌতুকের দাবীতে তাকে মারধর করতো। এরপর ২৩ এপ্রিল রাতে খাদিজাকে হাত-পা বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেট দিয়ে আগুনে ছ্যাঁকা দেয়। পরে ২৪ এপ্রিল সকালে বিষয়টি জানতে পেরে ওই নববধূর বাবা তাকে বাড়িতে নিয়ে যান। মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে দগ্ধ হওয়ায় কান্নাকাটি করে। এরপর ২৫ এপ্রিল দুপুরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত বলেন, যৌতুকের জন্য এক নববধূকে সিগারেটের আগুনের ছ্যাকা দেয়ার ঘটনায় ওই নববধূর বাবা আবুল হোসেন বাদি হয়ে গত ২৫ এপ্রিল ৫জনের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেই মামলার পলাতক থাকা প্রধান আসামী ওই নববধূর স্বামী সজিবকে গ্রেফতার করা হয়। এ মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এরআগে বাসাইল থানা পুলিশ অভিযুক্ত সজিবের মাকে গ্রেফতার করে আদালাতে পাঠায়।
বাসাইলসংবাদ/একেবি




