
বাসাইলসংবাদ: শুক্রবার , ২২ মার্চ, ২০১৯:

নিউজ ডেস্ক : সুপ্রভাত বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে নতুন দফায় সৃষ্ট নিরাপদ সড়ক আন্দোলনের কর্মসূচির প্রেক্ষিতে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপে আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী ২৮ মার্চ পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলনের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন তারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদের নিয়ে মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর ছাত্রদের সব দাবি মেনে নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শিক্ষার্থীদের ৩০ দিনের মধ্যে এই ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দেয়ার প্রশ্নে মেয়র বলেছেন, তিনি সেই ব্যবস্থা করবেন। দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী তৌহিদুজ্জামান বলেন, সড়ক নিরাপত্তার জন্য যেখানে যা করা দরকার তার জন্য আগামী সাতদিনের মধ্যে একটা পরিকল্পনা প্রণয়ন করবেন মেয়র এবং পরবর্তী এক মাসের মধ্যে তা বাস্তবায়ন করবেন। এছাড়া স্টুডেন্ট কাউন্সিলের কথাও বলেছেন তিনি। এজন্য আমরা পরবর্তী সাত দিন সময় দিচ্ছি। আগামী ২৮ মার্চ বৃহস্পতিবার মেয়রের সঙ্গে আবার আমাদের বৈঠক হবে। তাই আজ থেকে ২৮ তারিখ পর্যন্ত সব ধরনের আন্দোলন আমরা স্থগিত করছি।
এদিকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে মূল্যায়ন করে এরইমধ্যে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বিইউপি’র শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর নিহতের ঘটনায় সংশ্লিষ্ট বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সুপ্রভাত বাস চলতে না দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বাতিল করা হয়েছে চেকিং-কন্ট্রাক্ট সিস্টেম। নিহত আবরার আহমেদ চৌধুরীর নামে ঘটনাস্থলে একটি পদচারী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়ার প্রেক্ষিতে এরইমধ্যে পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া বাসের মালিক, চালক ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র- বাংলা নিউজ ব্যাংক
বাসাইলসংবাদ/একেবি




