
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর: আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী আসছেন টাঙ্গাইলের মির্জাপুরে। তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে। আর মঙ্গলবার (১২ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয় কারা কারা পাচ্ছেন এই সম্মাননা।
কুমুদিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম পরিচালক প্রতিভা মুৎসুদ্দি মানুষ ও সমাজসেবায় নিবেদিত বরেণ্য ব্যক্তিবর্গ ট্রাস্ট তথা দেশ ও জাতির গর্ব উল্লেখ করে জানান, এবার দেশের চার বরেণ্য ব্যক্তি যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদকে স্মারক স্বর্ণপদক সম্মাননা দেওয়া হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পক্ষে তার নাতনি খিল খিল কাজী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে বঙ্গবন্ধু কণ্যা ও উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি শেখ রেহানা সম্মাননা স্বারক গ্রহণ করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী উমেন্স মেডিকেল কলেজের শিক্ষা উপদেষ্ঠা অধ্যাপক ডা. এমএ জলিল, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মো. আনোয়ারুল হক, ভারতেশ্বরী হোমসের উপাধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, শিক্ষক হেনা সুলতানা।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রয়াত কবি বেগম সুফিয়া কামাল, আব্দুল্লাহ আবু সায়ীদ, শাইখ সিরাজ, ড. মুহম্মদ জাফর ইকবালসহ মোট ৮জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




