
বাসাইলসংবাদ: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮:

॥ এনায়েত করিম বিজয় ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে দুইটি আসনে দুই নারী এমপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন নয়জন পুরুষ প্রার্থী। ভোট যুদ্ধে জয়ী হতে এই দুই নারী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নানা প্রতিশ্রতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন তারা। নতুন নারী ভোটাররা তাদের সাদরে গ্রহণ করে ভোট প্রার্থনায় তারাও বাড়ি বাড়ি ঘুরছেন। নারীর ক্ষমতায়নে তরুণ নারী ভোটাররা বাড়ি বাড়ি গিয়ে সব বয়সের নারীদের একতাবদ্ধ হয়ে এই দুই নারীকে জয়ী করতে আহবান জানাচ্ছেন। বিশেষ করে কুঁড়ি সিদ্দিকীর পক্ষে বেশ কিছু নারী একাট্টা হয়ে মাঠে কাজ করছেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের মেয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিষ্টার কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ) প্রতীক নিয়ে ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী রুপা রায় চৌধুরী (বাঘ) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়ছেন। এই দুই নারী এখন জেলায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন। তারা বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।
ব্যারিষ্টার কুঁড়ি সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বীরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আব্দুল লতিফ মিয়া (হাত পাখা) ও ন্যাশনাল পিপল্স পার্টির প্রার্থী শফি সরকার (আম)।
অপরদিকে শ্রীমতি রূপা রায় চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শাহিনুর ইসলাম (হাত পাখা), খেলাফত মজলিশের প্রার্থী সৈয়দ মজিবর রহমান (দেয়াল ঘড়ি)।
বাসাইলসংবাদ/একে




