
বাসাইলসংবাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে মালবাহী মাহিন্দ্র ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংর্ঘষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই অটোভ্যানের আরও তিন যাত্রী আহত হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে সখীপুর-ইন্দারজানি সড়কের তৈলধারা বটাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৮৫) ও তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৭৫)।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান তাঁর অবসর ভাতার টাকা তুলতে এবং স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অটোভ্যানযোগে সখীপুর যাচ্ছিল। তাদের বহনকৃত অটোভ্যানটি উপজেলার তৈলধারা বটাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী মাহিন্দ্র ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোভ্যানের ৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মতিউর রহমান ও তাঁর স্ত্রী আছিয়াকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এঘটনায় আরও তিনজনকে আহতবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় মালবাহী মাহিন্দ্র ট্রাকটি জব্ধ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
বাসাইলসংবাদ/একে




