
নিউজ ডেস্ক : কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন আজ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানওয়ালা প্রকাশ করেছে নতুন দুটি গল্প-গান। এগুলোর শিরোনাম ‘যদি মন কাঁদে’ ও ‘গনি চাচার গল্প’। এতে কণ্ঠ দিয়েছেন অনিন্দিতা রায় ও রাজিবুল ইসলাম। গানের পাশাপাশি এতে থাকছে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণমূলক বই ‘আমার ছেলেবেলা’ অংশ বিশেষ পাঠ।

এর আগে ‘জোছনার ফুল’ শিরোনামে গল্প-গান প্রকাশের পর শ্রোতা-দর্শদের কাছে তা জনপ্রিয়তা পায়। তারই ধারবাহিকতায় এবার ‘যদি মন কাঁদে’ ও ‘গনি চাচার গল্প’ প্রকাশ করলো প্রতিষ্ঠানটি।
সংগীতশিল্পী অনিন্দিতা রায় বলেন, ‘হুমায়ূন স্যারের প্রায় সব গল্পই পড়া হয়েছে। গল্প পড়ার অনুভূতি আর গান-গল্প করার অনুভূতি একেবারেই আলাদা। কাজটা করার পর যখন নিজে শুনেছি তখন মনে হয়েছে গল্পটা আরও গভীর ছিল। পড়ার চাইতে বেশি গভীরে ঢোকা যায় গল্প গান শোনার পর।
শিল্পী রাজীবুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদকে বলা হয় গল্পের জাদুকর। জীবনের বিভিন্ন পর্যায়ে হওয়া অভিজ্ঞতা, জীবনদর্শন এবং জীবনোপলব্ধি যে পরবর্তী সময়ে তার সৃষ্টিশীল কাজে রসদ যুগিয়েছে, তা তার স্মৃতিচারণমূলক লেখাগুলো পড়লেই বোঝা যায়। শুধু তাই নয়, এ গল্পগুলো পড়লে প্রায়ই মিল খুঁজে পাওয়া যায় নিজেদের জীবনে ঘটে যাওয়া একই ধরনের অভিজ্ঞতার সাথে। ঠিক তখনই এক অদ্ভুত যোগাযোগ তৈরি হয় লেখকের সঙ্গে। যে লেখক ব্যক্তিগত জীবনে পরিচিত না, তার সাথে কোথায় যেন এক আত্মার সম্পর্ক তৈরি হয়। পাঠকের সঙ্গে হুমায়ূন আহমদের লেখার সম্পর্কটা এমনই।’ .….বাসাইলসংবাদ/একেবি




