
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের ছাত্র শিহাব মিয়া হত্যা মামলার আসামি চার শিক্ষককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরিফ ফয়সাল আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেন। বিকেলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া চার শিক্ষক হলেন- বিপ্লব চন্দ্র সরকার (৩০), আসলাম হোসেন ওরফে আশরাফ (৩০), মাসুদ রানা (৪০) ও বিজন কুমার সাহা (৪০)। এর আগে গত ১০ আগস্ট এই চার শিক্ষক টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।
প্রসঙ্গত, গত ২০ জুন টাঙ্গাইল শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে পঞ্চম শ্রেণির ছাত্র শিহাব মিয়া নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। এঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর র্যাব সাতজন শিক্ষক ও পুলিশ দুইজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে র্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনও তথ্য না পাওয়ায় তাদের সাতজনকে ছেড়ে দেয়। পরে ২৭ জুন নিহত শিহাবের মা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন- সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্কর, বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজন। ছয়জনের মধ্যে এ পর্যন্ত পাঁচজন আসামি গ্রেফতার হলো। আর এ মামলার আসামি মতিন পলাতক রয়েছে।
বাসাইলসংবাদ, ০৬ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




