
নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘এদেশে সরকার ছাড়া কেউ কিছু করে না। সুনীতি, দুর্নীতি সব সরকারের মাধ্যমেই হয়। আজকে পেঁয়াজের অসহনীয় অবস্থা। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে গেছেন। যাওয়ার আগে বলে গেছেন তাঁর বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এটা কি কোনো প্রধানমন্ত্রীর কথা হলো ? রবিবার (১৭ নভেম্বর) সকালে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, ‘আজ দেশে পেঁয়াজ দুইশ পঞ্চাশ টাকা কেজি, এটা ভাবা যায়? এই পেঁয়াজি করে আওয়ামী লীগের ছায়াতলে থেকে কিছু লোক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিলো। এটাকে কোনো দেশের সুশাসন বলে না। এটা দুঃশাসন বলে।’
তিনি আরও বলেন, ‘মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার মাজার প্রাঙ্গনে তেমন কোনো সন্মান প্রদর্শন করা হয়নি। অথচ তাকে ব্যবহার করে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




