
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দিতে না পারায় সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার বাদি হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় জেলার ঘাটাইল উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মোছা. মাহমুদা খাতুনকে আসামী করা হয়েছে। তারা জামালপুর সদরের বাড়ীঘাগুড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি অভিযোগ থেকে দুদক জানতে পারে মাহবুব আনোয়ার তার আয়ের তুলনায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তার সম্পদ অনুসন্ধানের জন্য গত ১২ এপ্রিল দুদক প্রধান কার্যালয় থেকে একটি আদেশ দেয়া হয়। ১৯ এপ্রিল সমন্বিত জেলা কার্যালয় থেকে চিঠির মাধ্যমে মাহবুব আনোয়ারের নামে তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত ২১ কার্যদিবসের মধ্যে সমন্বিত জেলা কার্যালয়ে দাখিলের আদেশ দেয়া হয়। দুদকের কোর্ট সহকারি (এএসআই) মজিবর রহমান তাদের স্থায়ী ঠিকানায় গিয়ে ফরম ও সম্পদ বিবরণের দাখিলের আদেশ জারি করেন। ২০ এপ্রিল মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা খাতুন সম্পদ বিবরণের দাখিলের ফরম গ্রহণ করেন। কিন্তু তারা সম্পদ দাখিল বিবরণের সময় বৃদ্ধির কোন আবেদন করেননি। নির্ধারিত সময় ২৫ মে’র মধ্যে তারা কমিশনের আদেশ মোতাবেক সম্পদ বিবরণ দাখিল করেননি। ফলে তারা দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার বাদী টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/ ২৬ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




