
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর সুজন আহমেদ (১০) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সুজন ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আন্নাছ আলীর ছেলে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সুজন শুক্রবার বিকেলে তার সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুড়ি উড়াতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় তার বন্ধুরা বাড়ি ফিরলেও সুজন নিখোঁজ হয়। রাতে তার পরিবার সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরে শনিবার সকালে স্থানীয় একটি পুকুরে ভাসমান অবস্থায় সুজনের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে তার পরিবারের উপস্থিতিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘শিশুটির নিখোঁজের বিষয়টি তার বাবা-মা আমাকে গতকালই জানিয়েছিলেন। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে বলে তাদের ধারণা। শিশুটির শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।’
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ২৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




